× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য বন্দরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শত শত মণ জাটকা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২১:১৬ পিএম

মৎস্য বন্দরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শত শত মণ জাটকা

পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্যবন্দর এখন জাটকা ইলিশে সয়লাব। প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে এখানে। অথচ সরকার ঘোষিত ১ নভেম্বর থেকে ৩০ জুলাই পর্যন্ত জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও তা কেবল নোটিফিকেশনে সীমাবদ্ধ।

সরেজমিন দেখা গেছে, বন্দরের প্রায় সব আড়তেই জাটকা ইলিশের স্তূপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জাটকা বেচকেনা। কিন্তু প্রশাসনের উপস্থিতি কিংবা অভিযান নেই সেখানে। শুধু মহাসড়ক, টোল প্লাজা, বাসস্ট্যান্ড পর্যন্ত সীমিত রয়েছে অভিযান।

গত ৫ দিনে কুয়াকাটা নৌ-পুলিশ, নিজামপুর কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন কয়েকটি অভিযানে বেশ কিছু জাটকা জব্দ করলেও সেগুলো মূলত পরিবহন ও মহাসড়ক কেন্দ্রিক ছিল। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আড়ত শ্রমিক জানান, প্রতিদিন বন্দরে শত শত মণ জাটকা বিক্রি হয়। কোস্ট গার্ড শুধু ক্যাম্পের সামনে মহাসড়কে দু-একটা ট্রাক থামায়, কিন্তু বন্দরের ভেতরে ঢোকে না। আলীপুর বন্দর এলাকার এক জেলে বলেন, আমরা বাধ্য হয়ে জাটকা ধরি। সাগরে এখন বড় ইলিশ নেই, জাল ফেললেই ছোট জাটকা আসে। এগুলো না ধরলে ঘরের চুলা জ্বলবে না। আরেক জেলে খবির ঘরামি বলেন, সরকার যদি বিকল্প আয়ের ব্যবস্থা করত, আমরা জাটকা ধরতাম না। কিন্তু এখন এনজিওর কিস্তির টাকা আর বাচ্চাদের খাবার জোগাতে গিয়ে জাটকাই ভরসা।

এদিকে স্থানীয় এক আড়তদার কাওসার বলেন, জাটকা ধরা বা বিক্রির দায় শুধু জেলেদের নয়। বাজারে চাহিদা আছে, ক্রেতারা কিনতে আসে। প্রশাসন অভিযান চালালেও সব জায়গা কভার করা সম্ভব হয় না।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আমরা সড়কে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। আমাদের কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ৫ দিনের ট্রেনিংয়ে ছিলেন, তাই বন্দরে অভিযান চালানো সম্ভব হয়নি। শনিবার (০৮ নভেম্বর) থেকে আমরা বন্দরগুলোতে অভিযান চালাব।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, সম্প্রতি কলাপাড়া উপজেলায় বেশ কয়েকটি জাটকাবিরোধী অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে এবং  অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা