গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২০:০৭ পিএম
‘গণিত শেখো স্বপ্ন দেখো’ এই স্লোগানকে উপজীব্য করে গাজীপুরের কালিয়াকৈরে উন্মুক্ত গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেছে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, লেখক ও শিক্ষক অমূল্য সরকার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাম প্রসাদ বর্মন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি তারেক।
গণিত অলিম্পিয়াডে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন স্কুলের বিভিন্ন শ্রেণির ৬০০ শিক্ষার্থী অংশ নেন।
সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস বলেন, গণিত মানে শুধু যোগ-বিয়োগ, গুণ-ভাগ নয়, এটি চিন্তার ব্যায়াম। যেমন আমরা শরীরচর্চা করি, তেমনি গণিতচর্চা হলো মস্তিষ্কচর্চা। গণিতচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা গেলে সেটিই হবে ওই বিজয়ের বড় সার্থকতা।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, চলতি বছর থেকে শুরু করা গণিত অলিম্পিয়াডের এই আয়োজন আগামী বছর থেকে আরও বড় পরিসরে করা হবে।