নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ২০:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫ ২০:০১ পিএম
সরকারে গেলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে আমরা জোটে যাব কি-না।
শুক্রবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তারুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, কোন রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে প্রতিশ্রুতি দিচ্ছে না। কারণ তারা ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা চায়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে সেই ফয়সালা হবে বলেও জানান তিনি।
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজ প্রমুখ।