পোরশা (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম
নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে সুতি জাল অপসারণে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত পুনর্ভবা নদীর বাংলাদেশের ভেতরে ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও রাকিবুল ইসলাম।
মৎস্য অফিস, বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ এই অভিযানে ৮টি সুতি জাল উচ্ছেদ করা হয়। ৮টি রিংজাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় মৎস্য কর্মকর্তা শামীম রেজা, নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান, এএসআই রিপন হোসেন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা ইউএনও রাকিবুল ইসলাম বলেন, মানুষের মতো নদীরও একটা জীবন, নিজস্ব ছন্দ, গতিপথ আছে। যখন সুতি জাল দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বাধা তৈরি করা হয়। এতে নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। তখন এর প্রভাব পড়ে নদী ও এর উপরে নির্ভরশীল মানুষ, প্রাণিকুল, ফসলি জমিসহ পুরো ইকোসিস্টেমের ওপরে। হুমকির মুখে পড়ে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য। টান পড়ে জেলেদেরও জীবিকাতেও। এসব ঠিক রাখতে হলে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি বলেন, গত বুধবার পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের জানানো হয়েছে। আশপাশের কোনো উপজেলাতেই এমন জাল নেই বলে তারা জানিয়েছেন। এরপরই তারা ব্যবস্থা নিয়েছেন। যেসব সুতি ব্যবসায়ী নির্দেশনা মেনে নিজ থেকে জাল অপসারণ করেছেন তাদের ধন্যবাদ। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।