ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫ ১৮:১৮ পিএম
ফেনীর পরশুরামে যুবদলের এক নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত যুবদল নেতার নাম কাজী রবিউল হোসেন জিহাদ। তিনি উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির গোয়ালঘর থেকে বস্তাভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিহাদ বাড়ি থেকে পালিয়ে যান।
পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল বলেন, দলের কেউ চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালান পণ্য নিয়ে আসায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।