মাদারীপুর সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:০৭ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ১৪:১৯ পিএম
মাদারীপুরে চায়ের দোকানের পাশে ময়লার স্তূপে ফেলে যাওয়া সদ্যভূমিষ্ঠ এক ফুটফুটে শিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে উদ্ধারের পর তাকে মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নবজাতকটিকে প্রথমে দেখতে পান স্থানীয় সাথী আক্তার। পরে তিনিসহ কয়েকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।
প্রতিদিনের বাংলাদেশকে সাথী বলেন, ‘আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। যাওয়ার পথে পৌর এলাকার একটি চায়ের দোকানের পাশে ময়লার স্তূপে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি শিশু দেখতে পাই। তখন আমিসহ কয়েকজন লোক মিলে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
শিশুটিকে উদ্ধারের সময় ছিলেন সিন্থিয়া আক্তারও। তিনি বলেন, ‘সাথী আপু বাচ্চাটিকে দেখতে পেয়ে আমাদেরকে ডাক দেয়। দোকানের পাশে ময়লা কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। সাথী আপুর বাসায় গিয়ে জামা-কাপড় এনে শিশুটিকে আমরা হাসপাতালে নিয়ে যাই।’
হাসপাতালের মেডিকেল অফিসার নাইমা ফেরদৌস শান্তা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসে। তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। যখন আনা হয়েছিল হাত-পা অনেক ঠান্ডা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স আনুমানিক এক দিন হবে।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি বলেন, ‘কে বা কারা নবজাতক শিশুকে রেখে গেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।’