খুলনা অফিস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২৩:৩৫ পিএম
প্রতিকী ছবি।
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রূপসার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল হাওলাদার ওই গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে কয়েকদিন আগে দেশে ফেরেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সশস্ত্র দুর্বৃত্তরা সোহেল হাওলাদারকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা হতভম্ব হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন।
রূপসা থানার ওসি (তদন্ত) আ. সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। সন্ত্রাসীদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।