× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাখির খাবার ঘোষণায় আমদানি করা ২৫ টন পপি সিড আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫ ২১:০৯ পিএম

পাখির খাবার ঘোষণায় আমদানি করা ২৫ টন পপি সিড আটক

পাখির খাবার (বার্ড ফুড) ঘোষণায় আমদানি করা প্রায় ২৫ টন পপি সিড আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গত ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় কন্টেইনার খুলে পপি সিড পাওয়া যায়। ল্যাব পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পণ্য আটক করার তথ্য জানিয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার এইচ. এম. কবির জানান, বার্ড ফুড ঘোষণা দিয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কেরানিগঞ্জের মেসার্স আদব ট্রেডিং পাকিস্তান থেকে ৯ অক্টোবর পণ্য চালানটি আমদানি করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্স (এআইআর) শাখা চালানটির খালাস স্থগিত করে কায়িক পরীক্ষা চালায়। এতে ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড পাওয়া যায়।

কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড আমদানির ঘোষণা দিয়ে পণ্য চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। খালাসের জন্য এটি অফডকে সংরক্ষণ করা হয়। গত ১৪ অক্টোবর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট এম. এইচ. ট্রেডিং বিল অব এন্ট্রি দাখিল করলে গোপন তথ্যের ভিত্তিতে পণ্যটি স্থগিত রাখা হয়। পরবর্তীতে ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় দুটি কন্টেইনার খুলে দেখা যায়, এর মধ্যে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড এবং ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড রয়েছে। নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। চূড়ান্ত পরীক্ষায় এটি পপি সিড হিসেবে শনাক্ত হয়। ঘোষণায় পণ্যের মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু আটককৃত পপি সিডের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস হাউস।

উপ-কমিশনার এইচ. এম. কবির বলেন, পপি সিড অঙ্গুরোদগম উপযোগী হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে 'ক' শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ৩(১) (খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ১৫ নম্বর ক্রমিকে পপি সিডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আমদানি নিষিদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, দেশে মশলা (যেমন, পোস্তদানা) হিসেবেও উক্ত পপি সিড এর ব্যবহার রয়েছে। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান মোতাবেক মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পপি সিড আমদানি করায় কাস্টমস আইন, ২০২৩ এর বিধান মোতাবেক পণ্যচালানটি কাস্টমস হাউস, চট্টগ্রাম কর্তৃক আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা