রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙামাটি বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) সকালে রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়া আরও উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের অনুপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদক।
রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা বুধবার সকাল থেকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করি এবং এখানে অনিয়মের কিছু সত্যতা পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মকর্তাদের অনুপস্থিতি, স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অনিয়মের প্রমাণও পাওয়া গেছে। দ্রুত এই সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জিকু শীল জানান, দুদকের পক্ষ থেকে একটি টিম আজ (০৫ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছে। আমরা সবকিছু উপস্থাপন করেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। এসব বিষয় নিয়ে দুদককে জানানো হয়েছে।