ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৮:১১ পিএম
ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় গভীর রাতে বসতঘরে আগুন দিয়ে দুইভাইকে পুড়িয়ে হত্যা মামলার ২ বছর পর অবশেষে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
বুধবার (০৫ নভেম্বর) বিকালে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ২০২৩ সালের ৫ অক্টোবর গভীর রাতে ফেনী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিরিঞ্চির শহিদুল ইসলামের ঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। ওই আগুনে পুড়ে মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ও তানজিদুল ইসলাম গোলাপ (৬) মারা যায়। এ ঘটনায় নিহতদের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বিভিন্ন সময় ১০ জন আসামিকে গ্রেপ্তার করতে পারলেও মামলার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। একপর্যায়ে মামলাটি জরুরি ভিত্তিতে তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার জানান, ঘটনার পর থেকে মামলায় এজহারভুক্ত আসামি কামাল হোসেন জনি দেশের বিভিন্ন জেলায় ছদ্মনামে পালিয়ে ছিলেন। জনি নিজে কোনো মোবাইল ব্যবহার না করায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে চট্টগ্রামের মাদারবাড়ী এলাকা থেকে এ মামলার এজহারভুক্ত আসামি কামাল হোসেন জনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বিরিঞ্চি এলাকার জোড়া খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন হয়। গ্রেপ্তারকৃত জনি ওই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও জড়িতদের নাম ও ঘটনার পরিকল্পনা কীভাবে হয় তা পুলিশকে অবহিত করে। ঘটনার ৪ দিন আগে শহরের একটি বাগানে বসে ওই ঘরে আগুন দেওয়ার পরিকল্পনা নিয়ে ৫ অক্টোবর রাত ১টার দিকে জনিসহ আরও ৩ জনে মিলে আগুন দিয়ে ওই ২ জনকে হত্যা করে।
সংবাদ সম্মেলনে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাইদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিং মারমাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।