কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫ ১৬:৫৭ পিএম
পূন্যস্নানের মধ্যদিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাসপূজা। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় জাগতিক সকল পাপ মোচনের আশায় এ গঙ্গাস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা।
এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অপর্ন করেন সনাতনী নারীরা। এসময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। অনেকে প্রায়ঃশ্চিত্ত ও পিন্ডদানের পাশাপাশি মাথা ন্যাড়া করেন।
পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রি সেবাশ্রমে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা। আগত পূন্যার্থীদের নিরাপত্তায় মাঠে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের ব্যাপক তৎপরতা রয়েছে।
রাসপূজা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে ৫ দিনব্যাপী চলবে রাসমেলা।
দ্বাপর যুগে কংশ রাজাকে বস করে পূর্নিমা তিথিতে বৃন্দাবনে হয় রাধা কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। তারই আদলে প্রায় দু’শ বছর ধরে জেলার কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ নভেম্বর) পূর্নিমা তিথিতে রাত ৯ টা ২২ মিনিটে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস পূজার আনুষ্ঠানিকতা।