শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৮ পিএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান ও অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘণ্টাখানেক যান চলাচল বিঘ্নিত হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালে আহত অনেকেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে। নিহতদের নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহতদের বেশিরভাগেরই অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিতেই চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।