বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৮:২৯ পিএম
দিনাজপুরের বিরামপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ধান, গম, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিনে উপজেলার ১২শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন। এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি অফিসের কর্মকর্তারা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃঞ্চ রায় জানান, চলতি রবি মৌসুমে বিরামপুর উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যেমাত্রা ধরা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১২শ’ জন কৃষকের প্রত্যেককে বারী-১৪ জাতের সরিষার বীজ ১ কেজি, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বারী-১৪ জাতের আগাম সরিষার বীজ বুনলে কৃষকরা ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবে। এরপর সেই জমিতে অন্যান্য ফসল আবাদ করতে পারবে। উপজেলা কৃষি অফিস কৃষকদের সহযোগিতায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।