রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৫:১৪ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে মিম আক্তার নামে দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাদির পণ্ডিতের বাড়িতে এই ঘটনা ঘটে।
মিম ওই বাড়ির জিল্লাল হোসেনের মেয়ে। মেয়েকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা সুমি বেগম।
জানা যায়, দুপুর ১২টার দিকে মিম তার মায়ের সঙ্গে ঘরের সামনে উঠানে আসে। মিমকে উঠানে খেলতে দেখে তার মা উঠান ঝাড়ু দিচ্ছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে শিশুটি হেঁটে হেঁটে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। হঠাৎ মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে মা পুকুরে তাকিয়ে দেখেন মিম পানিতে ভেসে আছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মিমের স্বজন জান্নাত বলেন, শিশু মিমের বয়সের তুলনায় শারীরিক গঠন অনেক ভালো ছিল। মাত্র ১ বছর বয়সেই সে পরিষ্কারভাবে হাঁটা-চলা করতে পারত। খুব চঞ্চল ছিল মেয়েটা।