টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ১৫:০৮ পিএম
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুইজন মানব পাচারকারীকে গ্রেপ্তারও করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে গ্রেপ্তারকৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে ৩ নভেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল। পাচারকারীরা তাদের বন্দি রেখে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল বলে জানানো হয়। গ্রেপ্তারকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।