× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোরকোলে শুরু পুণ্যস্নানের প্রস্তুতি : কঠোর নিরাপত্তায় শতবর্ষের রাস উৎসব

খুলনা অফিস

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ২১:০৭ পিএম

আলোরকোলে শুরু পুণ্যস্নানের প্রস্তুতি : কঠোর নিরাপত্তায় শতবর্ষের রাস উৎসব

বঙ্গোপসাগরের মোহনায় যখন জোয়ারের ঢেউ তটে আছড়ে পড়ে, তখন সেই নোনাজলের গন্ধে ভরে উঠেছে সুন্দরবনের আলোরকোল চর। পূর্ণিমার আলোয় ভাসছে বন, নদী আর পুণ্যার্থীদের ব্যস্ততা।

সোমবার (০৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। পুণ্যস্নান, পূজা ও আত্মশুদ্ধির সাধনায় মগ্ন হবে হাজারো ভক্ত।

তবে এবারও কোনো মেলা বা সাংস্কৃতিক আয়োজন থাকছে না। বনবিভাগ জানায়, উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কেউ বনে প্রবেশ করতে পারবে না। নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা।

রাস উৎসবকে নির্বিঘ্ন করতে বন বিভাগ, কোস্ট গার্ড, র‌্যাব, নৌ-পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে মাঠে আছে। বাংলাদেশ কোস্ট গার্ড ওয়েস্ট জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, বনবিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা দিচ্ছি। রাস পূজায় অংশ নেওয়া প্রতিটি রুটে  চেকপোস্ট থাকবে। কেউ যেন পূজার আড়ালে হরিণ শিকার বা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সেজন্য কড়া নজরদারি চলছে।

বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, এবারই প্রথমবার পুণ্যার্থীদের নেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় (স্কটসহ)। পাঁচটি নির্ধারিত রুটে টহল দল মোতায়েন আছে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ বনে প্রবেশ করতে পারবে না এবং কোথাও ইচ্ছেমতো ট্রলার থামানো নিষেধ।

তিনি আরও বলেন, বনের ভেতরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেলা বন্ধে সচেতনতামূলক প্রচারণা চলছে। একই সঙ্গে বন্যপ্রাণী শিকার রোধে ভ্রাম্যমাণ টহল টিমও কাজ করছে।

সোমবার সকালে খুলনার কয়রা উপজেলার কোবাদক ফরেস্ট স্টেশনসহ পাঁচটি রুট দিয়ে  ট্রলারভর্তি পুণ্যার্থী রওনা দেন আলোরকোলের উদ্দেশে। প্রায় ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা পৌঁছাবেন বঙ্গোপসাগরের মোহনায়, যেখানে অনুষ্ঠিত হবে পূর্ণিমার পবিত্র স্নান।

বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বনের ভেতরে প্রতিমা তৈরি, পূজাস্থল নির্ধারণ, পুণ্যার্থীদের যাতায়াতপথ চিহ্নিতকরণ এবং মেডিকেল টিমসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টহল টিমও থাকবে।

আলোরকোল রাসপূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার দাস বলেন, ‘গত বছর প্রায় ২০ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছিলেন। এবার ৩০ থেকে ৪০ হাজার পুণ্যার্থী আসতে পারেন বলে ধারণা করছি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কয়রা উপজেলা সভাপতি অরবিন্দ মণ্ডল বলেন, প্রায় ২৩০ বছর আগে সাধু হরিভজন প্রথম রাস পূর্ণিমার দিনে দুবলার আলোরকোলে পূজা শুরু করেন। ধীরে ধীরে এটি এক মহোৎসবে পরিণত হয়। আগে লক্ষাধিক মানুষ মেলায় অংশ নিতেন, কিন্তু ২০১৭ সাল থেকে বনবিভাগের সিদ্ধান্তে শুধু ধর্মীয় পূজা অনুমোদিত, মেলা নয়Ñ তিনি আরও বলেন, এতে আধ্যাত্মিকতা বেড়েছে, বাণিজ্যিকতা কমেছে ভক্তরা এখন শান্তিপূর্ণভাবে সাধনায় মন দিতে পারছেন।

সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, অতীতে পুণ্যার্থীর ছদ্মবেশে কিছু হরিণ শিকারি ঢুকে পড়ত। তাই এবার ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলে ও পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সুন্দরবনের গভীরে, বঙ্গোপসাগরের ঢেউ আর পূর্ণিমার আলোয় যখন পুণ্যার্থীরা সাগরের নোনাজলে স্নান করবেন তখন আলোরকোলের বাতাস ভরে উঠবে শঙ্খধ্বনি, আরতিতে ও প্রার্থনায়। সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষ ধরে চলা এই রাস উৎসব আজও বহন করছে বিশ্বাস, ভক্তি আর প্রকৃতির প্রতি শ্রদ্ধার বার্তা পাপমোচনের নয়, আত্মশুদ্ধির সমুদ্রযাত্রা এটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা