জকিগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের প্রবাসী সোহেল আহমদের পরিবার দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্যদের দাবি, তারা নিয়মিত হুমকি, ভয়ভীতি ও মানহানিকর প্রচারণার শিকার হচ্ছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন প্রবাসী সোহেল আহমদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) রাত ১১টার দিকে সোহেল আহমদের ছোট ভাই তোফায়েল আহমদকে শরিফগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যার চেষ্টা করা হয়।
অভিযোগ অনুযায়ী, অপহরণকারীরা তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং পরে আনন্দপুর গ্রামের হারু মিয়ার বাড়ির পাশের ধানের মাঠে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েল আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে সুস্থ আছেন।
এ ঘটনায় তোফায়েল আহমদ বাদী হয়ে ৯ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪, তারিখ: ১১/১০/২০২৫)। তবে পরিবারটির অভিযোগ, অভিযুক্তরা জামিনে মুক্তি পেয়ে প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
পরিবারের সদস্যরা জানান, গত ৩১ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি সরাসরি বাড়িতে প্রবেশ করে তোফায়েল আহমদ ও তার চাচাতো ভাই আহমদ আলীর নাম ধরে ডাকতে শুরু করে। ঘরে না থাকায় তারা দরজা ভাঙার হুমকি দেয় এবং পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে বলে, ‘তোমাদের মারতে এখন আসিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে আপসের মাধ্যমে সমাধান না হলে পরিবারের একজনকে হত্যা করা হবে। প্রয়োজনে খুনের মামলায় জেল কাটতেও আমাদের সমস্যা নেই।’
সংবাদ সম্মেলনে প্রবাসী সোহেল আহমদের স্ত্রী নাজিরা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ও আমার মেয়েসহ পরিবারের সবাই এখন ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছি। আমাদের কোনো নিরাপত্তা নেই।’
চাচাতো ভাই আহমদ আলী বলেন, ‘আমার ভাই সোহেল আহমদ সৌদি আরবে প্রবাসে আছেন। ছোট ভাইরা দিনমজুরের কাজ করেন। অথচ আমাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমাদের ছবি ব্যবহার করে ‘চোর’ আখ্যা দিয়ে মানহানির চেষ্টা চলছে এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে।’
প্রবাসী সোহেল আহমদের মা রুসনা বেগম বলেন, ‘এই হুমকির কারণে আমার নাতি-নাতনিরা স্কুল-মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে। প্রতিদিন আতঙ্কে সময় পার করছি আমরা।’
পরিবারটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেনÑ সঠিক তথ্য তুলে ধরে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখার জন্য।