লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি জমি দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ নভেম্বর) সকালে সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে হাটখোলা বাজার সরকারি জমিতে গড়ে ওঠে এই দোকানঘর। সেখানে বার্ষিক ইজারা নিয়ে বাজার পরিচালিত হয়ে আসছে। বাজার ব্যবস্থাপনা অনুযায়ী উন্মুক্ত স্থানে বাজার বসার কথা থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী উন্মুক্ত স্থান দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে ভাড়া দিতে শুরু করেন। এতে বাজার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের পাশাপাশি পথচারী ও বাজারকারীদের চলাচলে ভোগান্তি বাড়ে। প্রকৃত ব্যবসায়ীরা জায়গার অভাবে ব্যবসা করতে না পারলেও অবৈধ ঘরে উচ্চমূল্যে জামানত ও ভাড়া নিয়ে ব্যবসা করতে বাধ্য হন।
উপজেলা প্রশাসন একাধিকবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা স্থাপনা না সরানোয় শেষ পর্যন্ত অভিযানে নামে প্রশাসন। উচ্ছেদে বাজার এলাকা অবৈধ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
এদিকে উপজেলা প্রশাসন জানায়, সরকারি জমি দখল ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।