কাউনিয়া (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২২:৫৬ পিএম
রংপুরের কাউনিয়া উপজেলায় প্রায় ৩ মেট্রিক টন ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শিবু চৌরাস্তা বাজারের মৈসার্স ওয়াজিহা ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক।
এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একরামুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিদুল হক জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জব্দ করা ভেজাল সার মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের ক্ষতি রোধে ভেজাল সার ও কীটনাশক বিক্রির বিরুদ্ধে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কাউনিয়া থানা পুলিশের একটি টিম।