নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
এশিয়ার অন্যতম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা গত চারদিন যাবৎ বন্ধ রয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত দুইটা থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়। আর উৎপাদন বন্ধ হওয়ায় দৈনিক দুই হাজার আটশত মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কারখানাটি।
কারখানা বন্ধ থাকায় গত শনিবার (১ অক্টোবর) বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান ঘোড়াশাল পলাশ ইউরিয়া-সারকারখানা পরিদর্শন করেছেন।
কারখানার জিএম (কারিগরি) সরফরাজ খান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ রয়েছে। কি কারণে কারখানায় এ ত্রুটি দেখা দিয়েছে খতিয়ে দেখতে শনিবার তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন দিনের মধ্যে কারখানা বন্ধের কারণ জানাবে।
কারখানার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) আতিকুর রহমান খান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আমাদের সংরক্ষণে প্রায় ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।