শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে আযান দেওয়াকে কেন্দ্র করে মসজিদে ঢুকে ইমামসহ মুসল্লিদের ওপর হামলার অভিযোগ ওঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ সময় মসজিদের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করেন তারা।
রবিবার (২ নভেম্বর) মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী এ ঘটনায় নালিতাবাড়ী থানায় অভিযোগ করেছেন। এর আগে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার বাইতুল নূর জামে মসজিদে এই ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে গেছে বলে রবিবার বিকালে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
স্থানীয় মুসল্লী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করে চিল্লাচিল্লি শুরু করেন। পরে ইমাম মাওলানা শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, 'আজ থেকে এই মসজিদে আর আজান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আযান হবে না'। এ সময় ইমাম প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন অভিযুক্তরা। আত্মরক্ষার্থে ইমাম চলে যান।
ওই তিন যুবক সেসময় মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। এমন পরিস্থিতিতে মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাধা দিতে গেলেও তাদের মারধর করা হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা মসজিদে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন জানান, ওই তিন যুবক মাদকাসক্ত। তারা নানাভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
শেরপুর জেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাখওয়াত হোসেন সোহাগ বলেন, মসজিদে ঢুকে ইমাম ও মুসল্লীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের কঠোর বিচারের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই দাবি জানাচ্ছি।
ওসি সোহেল রানা বলেন, মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।