নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ১১:০৪ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫ ১১:২৪ এএম
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বিসিজি স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। পরে শনিবার (১ নভেম্বর) রাতে গ্রেপ্তারকৃতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার, পাচারে ব্যবহৃত তিনটি বোট ও ৯জন পাচারকারীকে আটক করা হয়। এসব সার অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ১১৯৪ বস্তা সার, ৯জন পাচারকারী ও জব্দ করা তিনটি ট্রলার হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।