ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২২:৫৫ পিএম
ফেনীর দাগনভূঞা উপজেলায় কাতার প্রবাসী নাছির উদ্দীনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের তালা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
এ ঘটনায় শনিবার বিকালে গৃহকত্রী বেবি আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাতুভুঞা ইউনিয়নের উত্তর আলীপুর বাগেরহাট সফর আলী ভূঞা বাড়ির এই চুরির ঘটনা ঘটে।
নাছির উদ্দিনের শ্বশুর সিরাজুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে শুক্রবার রাতের কোনো এক সময় ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। ভেতরে প্রবেশ করে বিভিন্ন রুমের দরজা ও আলমারির তালা ভেঙে ২০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর শনিবার সকালে বিষয়টি জানতে পেরে পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চুরির ঘটনায় আমার মেয়ে বেবি আক্তার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, চুরির ঘটনায় মামলা রেকর্ড করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।