কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথ সংস্কার ও নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। পরে রেলওয়ের সংশ্লিষ্টরা দাবি মানার আশ্বাস দিলে দুপুর ২ টায় অবরোধ তুলে নেন তারা।
আন্দোলনকারীদের আট দফা দাবি হলো- ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালুসহ সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ; আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট সেকশনে সব বন্ধ স্টেশন চালু; কুলাউড়া জংশন ও শ্রীমঙ্গল স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি; সিলেট-ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সব স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার; সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত এবং যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।
এর আগে গত ৪ মাস ধরে সিলেটের রেলপথের বেহাল অবস্থা দূর করতে এবং নতুন ট্রেন সংযোজনে দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। আন্দোলনের সংশ্লিষ্টরা জানান, বিগত দিনে নানা কর্মসূচি পালন করা হলেও দাবি না মানায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ সংগঠনের মূখ্য সমন্বয়ক এম আতিকুর রহমান আখই জানান, রেলের কর্মকর্তারা সব আন্তনগর ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন ও ট্রেনে উন্নত ইঞ্জিন স্থাপনের কথা বলেছেন। আজমপুর স্টেশনের পর অন্য স্টেশনে আন্তনগর পারাবত ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বন্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রেলের কর্মকর্তারা জানান, ডিসেম্বর মাসের মধ্যে সিলেট-আখাউড়া সেকশনে দুটি লোকাল ট্রেন চালু করা হবে। ৭২ ঘন্টার মধ্যে কুলাউড়া থেকে সিলেট রেল স্টেশন পর্যন্ত আন্তনগর পারাবত, উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেনে ৪০ আসনবিশিষ্ট একটি করে বগি সংযোজন করা হবে।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমদ জানান, রেলপথ অবরোধ এর কারণে ঢাকা থেকে সিলেটগামী পারাবত শ্রীমঙ্গল ও সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা মাইজগাঁও স্টেশনে যাত্রা বিলম্ব হয়।