প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:২১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম
সিলেট ও হবিগঞ্জে রেলপথ সংস্কার ও উন্নয়নসহ আট দফার দাবিতে শনিবার (১ নভেম্বর) রেলপথ অবরোধ করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
সিলেট : সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল ১০টা থেকে সিলেটের বিভাগের বেশ কয়েকটি রেলস্টেশনে অবরোধকারীরা অবস্থান নেওয়ায় ট্রেন যাত্রায় দেরি হয়।
তবে সিলেট রেলস্টেশনে ট্রেন যাত্রায় খুব একটা প্রভাব পড়েনি। শনিবার সকাল সোয়া ৬টায় কালনী এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে ছেড়ে যায়। সকাল সাড়ে ১০টার চট্টগ্রামগামী ট্রেনটি স্টেশনে দেরিতে আসায় দুপুর ১২টায় ছেড়ে যায়।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলসেবা অবহেলিত। রেললাইন জরাজীর্ণ, ট্রেনের শিডিউল বিপর্যয় নিত্যদিনের ঘটনা। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনকারীদের ৮ দফা দাবি হলোÑ সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন নির্মাণ, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন ও সব বন্ধ স্টেশন চালু করা, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার, ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার, যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।
ঢাকাগামী যাত্রী মোহাম্মদ আশিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার দুপুর ১২টার ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে সব ট্রেন বন্ধ। কেউ বলতে পারছে না কখন ছাড়বে। জরুরি কাজে যেতে না পেরে এখন বিপাকে পড়েছি।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মইনুল হাসান রতনের সভাপতিত্বে এবং শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনের পরিচালনায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
বক্তাদের দাবি ও হুঁশিয়ারি অবরোধ চলাকালে বক্তারা রেলের দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি দ্রুত আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, যুবদল নেতা সবুজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহ হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন প্রমুখ।
এ সময় এলাকার সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশ নেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রেলওয়ে পুলিশ ফাঁড়ি, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং রেলওয়ে আরএনবি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।