নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৪১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮ জন কর্মী আহত হয়েছেন। এই সময় ভাংচুর করা হয়েছে ৩০টি চেয়ার।
শনিবার (১ নভেম্বর) এর প্রতিবাদে বিকালে খাগকান্দা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে জামায়াতে ইসলামীর খাগকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে মোহনপুর পূর্ব ও পশ্চিমপাড়ার মাঝামাঝি রাস্তায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অভিযোগ অনুযায়ী, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের নির্দেশে ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর কাদের জিলানী, বিএনপি নেতা জালাল উদ্দিনসহ আরও ১০/১৫ জন লোক সেখানে হামলা চালায়।
হামলাকারীরা বৈঠকের চেয়ার ভাঙচুর করে এবং অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন ও কর্মী জামাল হোসেনসহ ৮ জন আহত হন।
জামায়াতের আড়াইহাজার দক্ষিণ শাখার আমির মাওলানা হাদিউল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। এমনকি পরবর্তী সময়ে আমাদের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে এবং শাহাবুদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে।
জামায়াত নেতা মোতাহার অভিযোগ করেন, অনুষ্ঠান শুরু হওয়ার আগে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মুঠাফোনে আমাদের অনুষ্ঠান করতে নিষেধ করেন। অভিযোগ অস্বীকার করে বেলায়েত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী বলেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের মারামারি হয়েছে আওয়ামী লীগের সঙ্গে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।