লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৮:৩২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডা. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশের সন্ত্রাস, নাশকতা ও সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করে শান্তি ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতেই সরকারের দৃঢ় অবস্থান অব্যাহত রয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে উলামা মাশায়েখ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় নেতাদের সাথে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে শত শত বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। যে শক্তিই সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেষ্টা করুক না কেন, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করবে। দেশের গণতান্ত্রিক কাঠামো অক্ষুণ্ন রাখতে নির্বাচন সাংবিধানিক সময়েই অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, নারী নির্যাতন-সব ধর্মেই নিষিদ্ধ। সব ধর্মেই শান্তি, ভালোবাসা, মানবতার বাণী রয়েছে। যদি আমরা ধর্মীয় বয়ানগুলোতে ঐক্যবদ্ধ হতে পারি, শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা বাড়াতে পারি, তাহলে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রকিবুল হাসান প্রমুখ।