× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক

সিলেট অফিস

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৫:২৮ পিএম

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) -এর সিলেট কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকালে নগরের আম্বরখানায় বাসদের কার্যালয় থেকে তাদের আটক করে কতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

যদিও বাসদ নেতারা বলছেন, পাঠচক্র চলাকালে বাসদ কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করে নিয়ে আসে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা নগরে কর্মসূচি করতে চেয়েছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভূখা মিছিল’ কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু রাতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা সকল শ্রমিককে বিষয়টি অবহিত করতে পারিনি। তাই আজ সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন জড়ো হন।

তবে নিজেদের কার্যালয়ে তাদের কেউ ছিলেন না দাবি করে তিনি বলেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করে ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে আসে পুলিশ।

এর আগে একই ইস্যুতে শুক্রবার মধ্যরাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন আটক করে পুলিশ।

গত মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক অংশ নেন। ওইদিন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি জনিয়ে আগামীকাল রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন শ্রমিকেরা। ওই আল্টিমেটাম শেষ হওয়ার এক দিন আগে সিপিবির সুমন ও বাসদের ২২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা