খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ২০:২৬ পিএম
প্রতীকী ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার যৌথখামার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িমুখী মিনি ট্রাকের (নং: ঢাকা মেট্রো-ন ১৫-৩৪৫৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব (১৭) নিহত হন। নিহত তাসিব চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে।
একই মোটরসাইকেলে থাকা মো. তারেক (১৮) গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হারুন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি এবং প্রাথমিক সহায়তা প্রদান করি।’
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’