কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৫৬ পিএম
কুড়িগ্রাম সদর উপজেলার হানাগড়ের মাথা এলাকায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত ইয়াকুব আলী (উক্কু), রিপন মিয়া ও লিটন মিয়া লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলামের বসতভিটা দখলের চেষ্টা করে। এসময় রফিকুল ইসলাম ও তার স্ত্রী কাকলি বেগম বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
স্থানীয়রা জানান, প্রতিপক্ষরা আচমকা এসে জমি ঘিরে ফেলে। বাঁধা দিলে রফিকুল দম্পতির ওপর হামলা চালায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত ইয়াকুব আলী ও রিপন মিয়ার মতামত জানতে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।