রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২১:৫৪ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল করিম (৬০)। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ছিল তাঁর চাকরি জীবনের শেষ কর্মদিবস। আর এই শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
নিহত ফজলুল করিম রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, ‘তিনি (মো. ফজলুল করিম) ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ‘মো. ফজলুল করিম ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শিক্ষা পরিবার একজন আদর্শ শিক্ষককে হারালো।’
তাঁর মৃত্যুতে রায়গঞ্জের শিক্ষক সমাজ ও স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।