প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম
স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (DGNM) বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশের বিভিন্ন জেলা শহরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবর-
রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন রংপুর জেলার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম শামীম, শাহানা বেগম, হাফিজুল ইসলাম, ইশরাত জাহান রিয়া, শারমিন জান্নাত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী মহল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ষড়যন্ত্র করছে। আমরা এই অপচেষ্টা রুখে দেব।
তারা আরও বলেন, আমাদের সিনিয়র নার্সদের দিয়েই আমরা পরিচালিত হতে চাই। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এলে আমাদের পেশাগত স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হবে এবং নার্সদের সমস্যা কেউ বুঝবে না।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনএ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, পাবলিক হেলথ নার্স নাজমুন নাহার, সাবেক সভানেত্রী কামরুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর দীপন কুমার দত্তসহ অনেকে।
বক্তারা বলেন, ৪৮ বছরের ঐতিহ্য ও সেবার ধারক নার্সিং অধিদপ্তরকে বিলুপ্ত করা নার্সিং পেশার স্বকীয়তার পরিপন্থী। তাদের দাবির মধ্যে ছিল—স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রক্ষা, জাতীয় নার্সিং কমিশন গঠন, যুগোপযোগী নিয়োগবিধি ও অর্গানোগ্রাম অনুমোদন, বেতন বৈষম্য নিরসন, ইনক্রিমেন্ট প্রদান, নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অপ্রশিক্ষিত ভুয়া নার্স নির্মূল।
বক্তারা সতর্ক করে বলেন, এই জনস্বার্থবিরোধী উদ্যোগ অব্যাহত থাকলে সারাদেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পঞ্চগড় : পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন, বিএনএ জেলা শাখার সদস্য রাশিদা খাতুন ও মনিরা আক্তার।
তারা বলেন, ৪৮ বছর ধরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখন একীভূত করার চেষ্টা চরম বিশৃঙ্খলা ও সেবার মানহানি ঘটাবে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনএ জেলা শাখার সভাপতি রেহেনা পারভিন। বক্তব্য দেন পারুল মন্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, নার্সিং অধিদপ্তর বিলুপ্ত করা হলে পেশার স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ণ হবে। সরকারের উচিত নার্সিং প্রশাসনকে আরও শক্তিশালী করা।
নড়াইল : নড়াইল জেলা হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনএ জেলা শাখার সভাপতি শাহিনুর খাতুন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুজিদা খাতুন, নার্সিং সুপারভাইজার অনিমা দাম, জয়া রানী চক্রবর্তী, সিনিয়র স্টাফ নার্স পলি রানী কুন্ডু, সুপ্রিয়া ভৌমিক, শিখা বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার এই উদ্যোগ নার্স সমাজের মর্যাদাকে খর্ব করবে। স্বতন্ত্র নার্সিং প্রশাসন টিকিয়ে রাখার পাশাপাশি উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের উচ্চপদে নিয়োগ দিতে হবে।