রংপুর অফিস
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ২০:০২ পিএম
নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে রংপুরে দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার এবং একটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নগরীর ধাপ এলাকার এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিক ও রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ।
অভিযানকালে ডিউটি ডাক্তার না থাকা, অনুমোদনের তুলনায় শয্যা বেশি থাকা, অপারেশন থিয়েটারের মান নিম্নমানের হওয়াসহ নানা অনিয়মের প্রমাণ মেলে। এসব অনিয়মের কারণে এলিট হাসপাতাল ও জয়তুন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একই সঙ্গে নানা অনিয়মের অভিযোগে রহমানীয়া ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারও সিলগালা করা হয়।
রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, আমরা ক্লিনিক দুটি পরিদর্শন করে নানা অনিয়ম পেয়েছি। এলিট হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ছিল। আমরা ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টার মালিকদের সঙ্গে বৈঠক করে সরকারি নীতিমালা মেনে সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হবে।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, রোগীরা যে মানের সেবা পাওয়ার কথা ছিল, সেগুলো তারা পায়নি। বিশেষ করে ক্লিনিকগুলোতে ডিউটি ডাক্তার অনুপস্থিত। আমরা তাদের গাফিলতির বিষয়টি বিএমডিসিকে লিখিতভাবে জানাবো এবং স্বাস্থ্য প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।