× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে যেতে সরকারি টাকায় সেতু

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:০২ পিএম

সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে যেতে সরকারি টাকায় সেতু

সরকারি তহবিলের অপচয় ও প্রভাবশালী ব্যক্তির স্বার্থে নির্মিত একটি অপ্রয়োজনীয় সেতু নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে শরীয়তপুরের ডামুড্যায়। আশপাশে কোনো ঘরবাড়ি বা জনবসতি না থাকা সত্ত্বেও উপজেলার চরধানকাটি আদাসন দরবার শরীফ সড়কের মধ্যবর্তী স্থানে খালের ওপর ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি বক্স কালভার্ট।

অভিযোগ উঠেছে, তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের এক সাবেক সচিবের গাড়িচালকের ব্যক্তিগত পুকুরে প্রবেশের সুবিধার জন্যই এই সেতুটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু না দিয়ে ব্যক্তিস্বার্থে এমন প্রকল্প বাস্তবায়ন ক্ষমতার চরম অপব্যবহার ও সরকারি অর্থের অপচয় ছাড়া কিছু নয়। আর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দাবি, ওপর মহলের নির্দেশে বাধ্য হয়ে বাস্তবায়ন করতে হয়েছে এমন অপ্রয়োজনীয় প্রকল্প।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ডামুড্যা ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এমএসআরডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ডামুড্যা উপজেলার চরধানকাটি আদাসন দরবার শরীফ সড়কের মধ্যবর্তী স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণ করে এলজিইডি। ৩১ লাখ ১২ হাজার টাকা চুক্তিমূল্য ধরে বক্স কালভার্ট নির্মাণের কাজটি শেষ করে মিনহাজ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কালভার্টটির তখন কোনো আইডি নম্বর ছিল না।

সরেজমিন ঘুরে জানা যায়, বক্স কালভার্টটি যে স্থানে নির্মাণ করা হয়েছে সেই স্থানে কোনো বসতবাড়ি নেই। খালের অপর পাশে রয়েছে একটি পুকুর। এমনকি পুকুরটির পাশ দিয়ে যাতায়তেরও অন্যকোনো সড়ক নেই। তবে অদূর ভবিষ্যতে এই পুকুরপাড়ে বসতবাড়ি নির্মাণ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সচিবের গাড়িচালক মোকসেদ সরদার, তাই বিশেষ সুপারিশে নিজ ক্ষমতাবলে বাস্তবায়ন করেছেন কয়েক লাখ টাকার এমন অপ্রয়োজনীয় প্রকল্প।

স্থানীয় বাসিন্দা স্বপন দেওয়ান, আতিক মিয়া, রমজান আলী বলেন, জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ না করে ব্যক্তিস্বার্থে এমন সেতু নির্মাণ ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থের অপচয় মাত্র।

মো. নাজির মাঝি বলেন, এমন প্রকল্প বাস্তবায়নে শুধু সরকারি টাকাই নষ্ট হয়নি দেশের অন্যকোনো জেলার জরুরি প্রয়োজনীয় স্থান তার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এখানের এই ব্রিজ দিয়ে কোনো লোকের যাতায়াত নেই, সামনে শুধু দুটা পুকুর আছে। এক প্রভাবশালী লোক তার ক্ষমতা প্রদর্শণে দেশের ক্ষতি করেছেন।

ইয়ামিন মোড়ল বলেন, এই ব্রিজটি সরকার যেখানে বানিয়েছে সেখানে ঘরবাড়ি নেই, অথচ একটু দূরেই খালের ওপারে ঘরবাড়ি আছে, সেখানে তারা সাঁকো ব্যবহার করছে। এই ব্রিজটি এমন স্থানে নির্মাণ করার দরকার ছিল না।

এ বিষয়ে অভিযুক্ত চালক মোকসেদ সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য না করে শুধু বলেন, আমি এখানে বাড়ি নির্মাণ করব। 

ডামুড্যা উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল বলেন, আমরা উপজেলা থেকে এ ধরনের কোনো প্রপোজাল মন্ত্রণালয়ে পাঠাইনি। ওই গাড়িচালক সচিবকে দিয়ে তদবির করে কীভাবে যেন এটি ঢুকিয়েছে। পিডি চিঠি দিয়েছে এটি বাস্তবায়ন করার জন্য। আমরা পিডিকে জানিয়েছিলাম, এটি আমাদের প্রকল্পের মধ্যে পড়ে না। পরে পিডি নিজে ফোন দিয়েছে ও হেড অফিস থেকে জানানো হয়েছে এই কাজটি সম্পাদনের জন্য। আমি যেহেতু চাকরি করি, আমার কিছুই করার ছিল না।’ তখন আইডি ছাড়াই কাজটি করা হয়। বর্তমানে সেটির আইডি দেওয়া হয়েছে।

শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এসএম রাফেউল ইসলাম বলেন, ব্যক্তিস্বার্থে কোনো ব্রিজ দেওয়া হয়নি। তারা তখন বলেছিলেন, এর পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণ করে গ্রামের দিকে নিয়ে যাওয়া হবে, সেই পরিপ্রেক্ষিতে ব্রিজটি নির্মাণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা