বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৫৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫ ১৯:০৪ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে অস্ত্রের মুখে জিম্মি করে এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্ণালংকার, নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল।
বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের হিন্দু ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার (৬৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ২টার দিকে প্রায় ৪০ জন সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাহার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা নারায়ণ চন্দ্র সাহার ছেলে ও পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে বাড়িটির ৫টি কক্ষের সকল প্রকার আসবাবপত্র, আলমারি ভেঙে ৫০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড় ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
নারায়ণ চন্দ্রের ছেলে অঙ্কন সাহা বলেন, বাবা অসুস্থ থাকায় তাকে নিয়ে ফরিদপুর আরোগ্য সদনে আমরা অবস্থান করছিলাম, বড়ভাই ও বৌদি বাড়িতে ছিল। রাত ৪টার দিকে বড়দা ফোন করে জানায় বাড়িতে ডাকাতি হয়েছে।
বড় ছেলে সৌরভ সাহা জানান, দরজা ভেঙে ডাকাত দল ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে বেঁধে ফেলে। এরপর সব রুমে ঢুকে আমাদের পূর্বপুরুষের আমল থেকে জমানো মা, দিদি, বৌদের ৪৫ থেকে ৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ছাড়াও ব্যবসার টাকাসহ বাড়িতে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
নারায়ণ চন্দ্র সাহার স্ত্রী লক্ষ্মী রাণী সাহা বলেন, বর্তমানে আমাদের আর কিছুই রইল না। আমরা নিঃস্ব রিক্ত হয়ে গেলাম।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেয়ে একটি ডাকাতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।