ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫ ১৮:০৫ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকার পশ্চিম হাসামদিয়া গ্রাম থেকে জহির (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহির শরীয়তপুর জেলার বাসিন্দা। তিনি ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামের কুটি শেখের মেয়ের জামাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে কাশবন ঘেরা নির্জন স্থানে কয়েকজন শিক্ষার্থী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামানকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের পাশ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, ‘জহির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’