মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ২১:২৩ পিএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে পাখি শিকার করতে নিষেধ করায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবককে এয়ারগান দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে। পরে গুলিবিদ্ধ যুবককে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে গুলিবিদ্ধ মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাজহারুল ইসলাম দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে তিন যুবক মোটরসাইকেলে করে দক্ষিণ নানশ্রী গ্রামের দিকে আসেন। তাদের হাতে ছিল এয়ারগান। গ্রামের স্থানীয় কবরস্থানের গাছে নানা প্রজাতির পাখির আবাস থাকায় তারা পাখি শিকার করতে চাইলে কয়েকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এক যুবক তিনটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে মাজহারুল বাড়ি থেকে বেরিয়ে এসে পাখি শিকার করতে নিষেধ করলে ওই যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকের হাতে থাকা এয়ারগান দিয়ে মাজহারুলের কপালে গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা মাজহারুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।