সিলেট অফিস
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৮:৪২ পিএম
আগামী ১ নভেম্বর শনিবারে হবে সিলেট চেম্বারের নির্বাচন। বুধবার (২৯ অক্টোবর) হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দেন আদালত।
চেম্বারের পরিচালক পদপ্রার্থী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বনির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাইকোর্ট সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিতের নির্দেশের বিরুদ্ধে কামরুল হামিদ ও অন্যান্যরা সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় রিট আবেদন (নম্বর ১৭৬২৩/২০২৫) দায়ের করেন। রিটটি দাখিল করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন। গত মঙ্গলবার রিটটি হাইকোর্টের কোর্টে উত্থাপিত হয়।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন স্থগিত করা হলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ গত সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়।
নেতারা তখন জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা গত ২৬ অক্টোবর এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করে পুনঃতফসিলের পর নতুন তারিখ নির্ধারণের কথা বলা হয়েছিল।