উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৮:১৭ পিএম
‘যুবকদের নেতৃত্বে একতা ও শান্তির বার্তা প্রতিষ্ঠা হউক’- এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়ুথ কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ কনফারেন্সের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী সচিব ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি রিন্টু বিকাশ চাকমা, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি মোঃ ফারুক আল মাসুদ, রিফিউজি রিলিফ ও রিপ্যাট্রিয়েশন কমিশনার অফিসের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আখতারুজ্জামান আল ইমরান ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসকের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মর্তুজা আলী, টেকনিক্যাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, নাসিমা শাহীন ও রাশেদুল হক।
ইয়ুথ কনফারেন্সে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির ১২০ জন যুবক-যুবতীসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও কমিউনিটি লিডার উপস্থিত ছিলেন।
কনফারেন্সে যুব উদ্যোগ ও উদ্ভাবনের প্রদর্শনীসহ নির্বাচিত ইয়ুথ চেঞ্জ এজেন্টদের শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে শান্তি র্যালি অনুষ্ঠিত হয়।