বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৫ পিএম
যশোরের শার্শায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করলে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এসময় যশোর-বেনাপোল মহাসড়ক অবোরধ করে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
অভিযুক্ত শিক্ষক হলেন- উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম।
গত ৪ এপ্রিল শিক্ষক আব্দুল আলিমের বাড়িতে প্রাইভেট পড়া শেষে নোট দেওয়ার বলে অপেক্ষা করতে বলেন ১০ম শ্রেণির এক ছাত্রীকে। অন্য ছাত্রীরা বাসায় চলে গেলে আব্দুল আলিম জোরপূর্বক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। পরে ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করেন।