রাজশাহী অফিস
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০০:২২ এএম
প্রতিকী ছবি।
রাজশাহীতে মাসুদা পারভিন ওরফে ইভা (১৭) নামে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে ওই কিশোরীর স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ।
দুর্জয়ের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে। তবে স্ত্রী ইভাকে নিয়ে তিনি রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন।
ইভার বাবার নাম ইকবাল হোসেন। তাদের বাড়ি নগরের মেহেরচণ্ডী এলাকায়। ইভা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। বিকাল সাড়ে ৩টার দিকে লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি পলাতক। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।