চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৭:৩২ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাফরাত হোসেন সানভীর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে উপজেলার আলকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের প্রবাসী মোঃ রাজুর একমাত্র ছেলে। এ তথ্য জানান নিহতের চাচা মোরশেদ আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, সানভীরের জেঠা নুর হোসেন সুজন মঙ্গলবার সকালে বাড়ির পাশের বৈছামুড়া ব্রিজের পাশে মাছ ধরার দৃশ্য দেখতে যায়। সাথে যাওয়ার জন্য জেঠার পিছু নেয় সানভীর। নুর হোসেন সুজন মনে করেছিলেন সানভীর কিছু দূর গিয়ে আবার বাড়িতে ফিরে যাবে। কিন্তু সানভীর জেঠার কাছে যেতে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে থাকে। এ সময় চট্টগ্রামগামী মেঘনা এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় সানভীর ঘটনাস্থলেই মারা যায়।
লাকসাম জিআরপি থানার ওসি মো: ইসমাইল হোসেন বলেন, শিশুর মৃত্যুর বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে কেউ অবগত করেনি।