সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৬:০৪ পিএম
প্রতীকী ছবি।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর মুরাদ হোসেন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুরাদ হোসেন ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাড়ির পাশে গাজীখালি নদীতে ভাসমান অবস্থায় মুরাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মুরাদ। তবে, সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ সাহা বলেন, গাজীখালি নদী থেকে শিশু মুরাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।