সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৫:১১ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫ ১৫:১১ পিএম
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা পুলিশ ও ছাত্র জনতা হত্যা ঘটনার ৪টি মামলার অন্যতম আসামি কার্যক্রম নিষিদ্ধ থানা আওয়ামী লীগের সভাপতি কারাগারে আটক আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ‘বার্ধক্যজনিত’ কারণে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আহমদ মোস্তফা খান বাচ্চু এনায়েতপুর গ্রামের প্রয়াত মুসা খানের ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এএসএম কামরুল হুদা, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে থানায় হামলা, লুটপাট অগ্নিসংযোগ, পুলিশ ও ছাত্র জনতা হত্যার ঘটনায় পৃথক ৪টি মামলার অন্যতম আসামি ছিলেন আহমদ মোস্তফা বাচ্চু।
চলতি বছরের ২৪ এপ্রিল তিনি আদালতে আত্মসমর্পণ করে সিরাজগঞ্জ কারাগারে ছিলেন। হঠাৎ করে মঙ্গলবার সকালে ‘বার্ধক্যজনিত’ কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর সাথে সাথে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
জেল সুপার কামরুল হুদা আরো জানান, তার মৃত্যুর বিষয়ে পুলিশের মাধ্যমে পরিবারকে অবহিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
এদিকে এনায়েতপুর থানার ওসি আনারুল ইসলাম জানান, বিষয়টি অবহিতের পর আমাদের পক্ষ থেকে আহমদ মোস্তফা খান বাচ্চুর স্বজনকে জানানো হয়েছে।