নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ধারাবাহিক অপরাধ নিয়ে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সংবাদটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) যার পরিপ্রেক্ষিতে দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ নিরাপত্তা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় আলোচনার মূল বিষয় ছিল পৌরসভার নিরাপত্তা জোরদার করা। ওই সভায় সিদ্ধান্ত হয়Ñ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়ন করা হবেÑ যাতে প্রতিটি ভবনে বাধ্যতামূলকভাবে সিকিউরিটি গার্ড নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপনের অনুমতি নিতে হবে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে।
রাতের অন্ধকারে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাতি (স্ট্রিট লাইট) স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌর প্রশাসক রাজীব চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, থানা পুলিশের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, সম্প্রতি নবীনগর পৌরসভায় চুরি, গুলির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন সময়ে প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, জননিরাপত্তা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতোমধ্যে নিরাপত্তা বাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।