রংপুর অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৪:১২ পিএম
রংপুরে মাকে হত্যার মামলায় ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামিল কাউনিয়া উপজেলার সীট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রায় গ ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন। তিনি মামলার বরাত দিয়ে জানান, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল মিয়া ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং মরদেহ ঘরের মাটি খুঁড়ে পুঁতে রাখে। ২৪ আগস্ট সন্ধ্যায় জামিলার ঘরে গিয়ে এলাকাবাসী মেঝের মাটি উঁচু দেখতে পেয়ে জামিলকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জামিল মাকে হত্যার পর ঘরের মাটির নিচে পুঁতে রাখার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামিলকে আটক করে থানায় নিয়ে যায় এবং জামিলার মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে।
এ ঘটনায় জামিলার ভাই সামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত জামিলকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।
আইনজীবী আফতাব উদ্দিন বলেন, আদালতের রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলে হাতে মায়ের হত্যা সামাজিক অবক্ষয়ের একটি চুড়ান্ত পর্যায়ের উদাহরণ। আমরা চাই না সমাজে এমন ঘটনা আর ঘটুক।
আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত রায় হওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।