× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার!

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১০:০২ এএম

ফেনীতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার!

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনকে লাঞ্চিত করার পর হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে।

সোমবার (২৭ অক্টোবর) রাতে ফেনী পৌরসভা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর নিজ কক্ষে এই ঘটনা ঘটে। যা নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছে।

ভুক্তভোগী ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, বিশ্বব্যাংক থেকে ফেনী পৌরসভায় বড় বড় কয়েকটি কাজ আসার বিষয়ে আমরা চেষ্টা তদবির করে যাচ্ছি। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ফেনী পৌরসভায় ২৮ কোটি ৭৬ লাখ টাকার কাজের দরপত্র আহ্বানের পর রাজধানীর পিডিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এতে ফেনী পৌরসভার ঠিকাদার মাসুদ আমার উপর ক্ষিপ্ত হয়। পিডিএলের সাথে চুক্তি সইয়ের সময়ে সে আমার অফিসে ঢুকে আমাকে লাঞ্চিত করে ল্যাপটপসহ সামগ্রী ছুড়ে মারে। পিডিএলের সাথে চুক্তিতে সাক্ষর করলে আমার হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে যায়।

তিনি বলেন, বিশ্বব্যাংকের কাজগুলো আমরা ভালোভাবে করতে পারলে আগামীতে ফেনী পৌরসভায় আরও বড় প্রকল্প আসতে পারে। তাই আমরা অত্যাধিক সতর্ক হয়ে বিশ্বব্যাংকের কাজটি করার চেষ্টা করে যাচ্ছিলাম।

তবে ঠিকাদার কামরুল হাসান মাসুদ বলেন, ‘বর্তমানে ফেনী পৌরসভায় আমার অন্তত ২ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজ চলমান। উন্নয়ন কাজের বিল উত্তোলন করতে গেছে নির্বাহী প্রকৌশলী আমাকে পিডির (প্রকল্প পরিচালক) কথা বলে দেড় ভাগ টাকা ঘুষ দাবি করে। আমি ওই টাকা দিতে অস্বীকার করায় আমাকে বিল দেওয়া বন্ধ করে দিয়েছে। বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে আমার বাকবিতণ্ডা হয়েছে। সেখানে ল্যাপটপ ও ফাইল ছুড়ে মারা অথবা হাত কেটে নেওয়ার হুমকির কোনও ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ফেনী পৌরসভার প্রশাসক ও ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, পিডিএলের চুক্তির প্রাককালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে গিয়ে তাকে লাঞ্চিত করা ও হুমকি দেওয়ার বিষয়ে আমরা করণীয় ঠিক করতে আলোচনা করছি।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদ কর্তৃক ফেনী পৌরসভার ঘটনাটি আমরা কেন্দ্রীয় দপ্তরকে অবহিত করে পরবর্তী নির্দেশনা চেয়েছি। এ বিষয়ে ফেনী পৌরসভাকে আইনের আশ্রয় নিতে মতামত দিয়েছি। বিএনপি করে অথবা বিএনপির নাম করে ফেনীতে আমরা কাউকে অন্যায় করতে দেব না। এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে ভুক্তভোগী অথবা পৌরসভা থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা