× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলা দাবি

ভৈরবে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে আহত ২০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৫:০৬ পিএম

 ভৈরবে রেলপথ অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপে আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় নেতৃবৃন্দ ও রেলওয়ে পুলিশ সদস্যরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে এলে আন্দোলনকারীরা ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

এদিকে রেলপথ ব্লকেড কর্মসূচির কারণে পাঁচটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। ভৈরবে আটকে ছিল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কন্টেইনার ট্রেন আটকে ছিল নরসিংদীর দৌলতকান্দি স্টেশনে। তিতাস ট্রেন মেথিকান্দা ও কর্ণফুলী ট্রেন খানাবাড়ি স্টেশনে আটকে ছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা ট্রেন আটকে ছিল ব্রাহ্মণবাড়িয়ার তাল শহর স্টেশনে।

১ ঘণ্টা ১০ মিনিট কর্ণফুলী ট্রেন আটকে থাকায় যাত্রীরা পড়েন চরম বিপাকে। এসময় আটকে থাকা যাত্রীদের মাঝেও চরম উত্তেজনা দেখা যায়।

জানা যায়, ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রস্তাবে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভৈরবের সর্বস্তরের জনতার মাঝে। এরপর থেকে লাগাতার শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে ভৈরবের সর্বস্তরের মানুষ।

এতে একাত্মতা ঘোষণা করে যোগ দেন ভৈরব বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, জামায়াতে ইসলাম, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

রেলপথ অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল, মওলানা শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ জুনায়েদ প্রমুখ।

ব্লকেড কর্মসূচিতে বক্তারা বলেন, ১৫ দিন লাগাতার শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকারের টনক নড়েনি। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ২৬ অক্টোবর সড়কপথ ব্লকেড, ২৭ অক্টোবর রেলপথ ব্লকেড ও ২৮ অক্টোবর নৌপথ ব্লকেড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৬ অক্টোবর ২ ঘণ্টা সড়ক পথ অবরোধ করা হলেও ইন্টেরিম সরকার আমাদের দাবি আমলে নিচ্ছে না। আজ ১ ঘণ্টা রেলপথ অবরোধ করা হয়েছে। আগামীকাল নৌপথ ব্লকেড কর্মসূচি পালন করবে সর্বস্তরের জনতা। সরকার জেলার দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য সড়কপথ, রেলপথ ও নৌপথ বন্ধ করে কর্মসূচি পালন করা হবে।

এ দিকে ট্রেনে ও পুলিশকে পাথর নিক্ষেপের বিষয়ে ছাত্রনেতা শাহরিয়ার বলেন, আমাদের জেলার দাবির আন্দোলন বানচাল করতে একটি দুষ্কৃতকারী মহল পাথর নিক্ষেপ করেছে। আমরা কর্মসূচি শেষে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে তাৎক্ষণিক ট্রেন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, আমরা স্থানীয় নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সাথে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি। পাথর নিক্ষেপের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দোষীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ কথা বলতে রাজি হয়নি।

এদিকে সুধী মহল আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করলেও ট্রেন থামিয়ে ব্লকেড সৃষ্টি করে ট্রেনের মধ্যে রেললাইনে থাকা পাথর ও বড় বড় ইট নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা