রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৪:২৮ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা পূবালী ব্যাংক লিমিটেডের ৫১১তম শাখার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য আয়োজনে এই নতুন শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.শাহনেওয়াজ খান।
উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান (জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগ) ফয়জুল হক শরীফ, শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ তালুকদার, মার্কেট মালিক হেলাল উদ্দিন ফকিরসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়গঞ্জে পূবালী ব্যাংকের শাখা চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হলো। এই শাখা থেকে গ্রাহকরা পাবেন আধুনিক ব্যাংকিং সুবিধা- যেমন ডিজিটাল লেনদেন, রেমিট্যান্স, কৃষি ও ক্ষুদ্রঋণ, শিক্ষা ঋণ এবং উদ্যোক্তা সহায়তা।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান বলেন, ‘পূবালী ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক হিসেবে গ্রামীণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। রায়গঞ্জ শাখা স্থানীয় উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘ব্যাংকিং সেবার সম্প্রসারণ শুধু অর্থনীতিই নয়, মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পূবালী ব্যাংকের এ উদ্যোগ রায়গঞ্জের জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।’
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ফিতা কেটে পূবালী ব্যাংকের চান্দাইকোনা শাখার শুভ উদ্বোধন করেন। পরে অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের ভিড়ে ব্যাংক প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।