কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১২:৫০ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া-জুড়ী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মারওয়ান আলম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রবিবার (২৬ অক্টোবর) রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারওয়ান বড়লেখা উপজেলার কাঁঠালতলী গ্রামের ফয়সল আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মারওয়ানসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারওয়ানকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে পিকআপ চালক শ্রীমঙ্গলের আলম মুন্সী ও তার সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।